স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩২ ও ২৮ বছর বয়সী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বান্দুরা সড়কের আগলা টিকরপুর এন মল্লিক পাম্পের পার্শ্ববর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুই মোটর সাইকেল আরোহী ঢাকা থেকে আসছিলেন। অপরদিকে প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। টিকরপুর এন মল্লিক পাম্পের পার্শ্ববর্তী স্থানে এসে দুই যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই মোটর সাইকেল আরোহী। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল জব্দ করেছেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. নাজমুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
