নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্রাক মাইগ্রেশন ফোরামের (অনুপ্রেরণা-২)-এর উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদেশগামী ও বিদেশ ফেরতদের এবং তাদের পরিবারের কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন বার্নার্ড গমেজ ও বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমাজকর্মী মো. মিল্লাত হোসেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্রাকের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ মো. কুরাইশী। আরও উপস্থিত ছিলেন ব্রাক মাইগ্রেশন ফোরামের উপজেলা মাঠ কর্মকর্তা মৌসুমী আক্তার, ইউপি সদস্য বেলায়েত হোসেন স্বাধীন, শাহীনুর আলম, আক্তার হোসেন প্রমুখ।
