নাজমুল হোসেন অন্তর : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রিপক্ষীয় জমিজমার বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গত মঙ্গলবার গালিমপুর ইউনিয়নে উপজেলা কর্মকর্তা কামরুল হাসান সোহেল সরজমিনে উপস্থিত হয়ে তাদের এই ত্রিপক্ষীয় বিরোধ সমাধান করেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের অফিসাল ফেইজবুক প্রোফাইলে ও নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের পোস্ট করলে নেটিজেনরা প্রশংসা করেন। কমেন্টস বক্সে অনেকেই প্রশংসা বাক্য লিখছেন। জসিম উদ্দিন খান নামে একজন লিখেছেন এরকম হওয়া উচিত তাহলে মামলা মোকদ্দমা কম হবে।
দিদারুল আলম লিখেছেন, আমার ১৮ বছর সরকারি চাকরি জীবনে এই প্রথম এমন একটা মহৎ উদ্যোগ নিয়ে কাজ করতে দেখলাম নবাবগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে। আল্লাহ আপনাকে মানুষের কল্যাণে আরও বেশি বেশি কাজ করার সুযোগ দান করুন আমিন। যোবায়ের আদিত্ত লিখেছেন, অসাধারণ উদ্যোগ আপনার মত একজন মানুষ পাওয়া আসলেই নবাবগঞ্জবাসীর জন্য ভাগ্যের ব্যাপার।
এ বিষয়ে জানতে চাইলে, নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, প্রবাসী অনেক ভাইদের দেশে কোন প্রতিনিধি নেই, তাদের জন্য আমরা প্রশাসন রয়েছি। এই বিরোধটি দীর্ঘ দিনের। আমরা সরজমিনে গিয়ে মেপে জমি বন্টন করে বিরোধটি সমাধানের চেষ্টা করেছি। কামরুল আরও জানান, স্বার্থপর না হয়ে ন্যায় ও সমতাভিত্তিক সমাধান চাইলে আমরা আমাদের সমাজকে আরো সুন্দর করতে পারি।
