নবাবগঞ্জে বিএনপি নেতার হুমকি হিন্দুদের বাক্স আলাদা থাকবে, শুরুতেই সচেতন হইয়া যান

নিজস্ব প্রতি‌বেদক: ‘যারা হিন্দু ভাইয়েরা আছে তাদের বাক্স আলাদা থাকবে। কে কয়টা ভোট দেন, আর কে কয়টা দিলেন না, ওইটা টোকা দিলেই কিন্তু গণনার সময় বের হয়ে যাবে।’ ঢাকা- ১ নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে এসব কথা বলে হুংকার দেন একজন বিএনপি নেতা। এলাকায় ওই হুমকির ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও অভিযোগ না পাওয়ার অজুহাতে প্রশাসন রহস্যজনকভাবে নিরব রয়েছে।
শক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেন্টু মোল্লা এভাবে প্রকাশ্যে এলাকার হিন্দু জনগোষ্ঠির সদস্যদের হুমকি ধামকি দেন। এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ওই বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
ভাইরাল ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ঢাকা-১ সংসদীয় আসনে নবাবগঞ্জ উপজেলার হিন্দু জনগোষ্ঠি অধ্যুষিত যন্ত্রাইল ইউনিয়নে একটি উঠান বৈঠক চলছিলো। বৈঠকে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা তার বক্তব্যে হিন্দু জনগোষ্ঠির উদ্দেশ্যে হুমকি দেন ‘গুণে গুণে ভোট নেওয়া হবে।’ হুমকিতে তিনি আরও বলেন, ‘ আপনারা ঘরে ঘরে গিয়ে খন্দকার আবু আশফাকের ভোট কালেকশন করবেন। কে কয়টা ভোট দেন, আর কে কয়টা দিলেন না, ওইটা টোকা দিলেই গণনার সময় কিন্তু বের হয়ে যাবে। এজন্য আপনারা শুরুতেই সচেতন হয়ে যান।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওই বির্তকিত বিএনপি নেতার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে তাকে বিএনপি থেকে বহিস্কারের পর নিজের ফেসবুক আইডিতে ভুলের জন্য ক্ষমা চান।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দিলরুবা ইসলাম বলেন, এ বিষয়ে সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *