নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে শাহিদা (৪০) নামের এক নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বাহ্রা চকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা সিরাজগঞ্জ জেলার সেলিমের স্ত্রী। তারা পরিবার নিয়ে বাহ্রা গ্রামের মো. জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পশ্চিম বাহ্রা চক এলাকায় বাহার মোল্লার জমিতে কৃষি কাজ করছিলেন শাহিদাসহ ৪ শ্রমিক। এসময় বজ্রপাত হলে শাহিদা গুরুত্বর আহত হয়। আশপাশের লোকজন বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদার আগেই মৃত্যু হয়েছে বলে জানান। তাৎক্ষণিকভাবে আহত অন্য ৩ শ্রমিকের নাম জানা যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মালিহা শাহিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
