নবাবগঞ্জে নদীর অংশ দখল করে ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ আগলা ইউনিয়নের টিকরপুরে কেনা জমির সঙ্গে ইছামতী নদীর অংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রবাসী লুৎফর রহমান- এমন অভিযোগ স্থানীয়দের। তারা জানান, ছাতিয়া সড়কের পাশে লুৎফরের নির্মাণকৃত ভবনের পাশেই রয়েছে জনসাধারণের ব্যবহারের জন্য সরকারের করে দেওয়া পাকা ঘাট। এলাকাবাসী বর্ষা মৌসুমে ঘাটটি ব্যবহার করেন গৃহস্থালির কাজে। ভবন নির্মাণের ঘাট ব্যবহারে তাদের পড়তে হবে ভোগান্তিতে ও নদীর গতিপথ ঘুরে যেতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনগণ।

আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন জানান, লুৎফর প্রবাসে থাকায় তার বড়ভাই মহিউদ্দিন ভবন নির্মাণের কাজ দেখাশোনা করেন। তাকে নদীর জমি দখল করে ভবন নির্মাণে নিষেধ করলেও তারা তার কথা শোনেননি।

এ ব্যাপারে মহিউদ্দিন বলেন, আমার ভাই এ জমি কিনেছে। এখানে নদীর কোনো অংশ বা সরকারি খাস জমি নেই।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *