নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাড়াশুরা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রশান্ত রায় (৪০) নামে এক ক্ষেতমজুর নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘটনা ঘটে। নিহত প্রশান্ত গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পরেশ রায়ের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত প্রশান্ত এই অঞ্চলে ক্ষেতমজুরের কাজ করতো। গত কয়েক মাস আগে সে এই এলাকায় কাজ করার জন্য আসে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে চোর সন্দেহে গণপিটুনিতে প্রশান্ত নিহত হয়। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারে খবর পাঠানো হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।
