নবাবগঞ্জে ঐতিহ্যবাহী গরুর রশি ছেড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী গরুর রশি ছেড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় বিলপল্লী সবুজ সংঘের আয়োজনে এবং শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় চন্দ্রখোলা কালিমন্দির কমিটির আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকা থেকে শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগিরা। এসময় অনুষ্ঠান দেখতে ভিড় করেন হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোররা।
কালের পরিক্রমায় অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্য এই গরু দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলা পঞ্জিকা হিসেবে পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।

প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নানা বয়সী মানুষ দলে দলে ছুটে আসেন। মুহূর্তেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানস্থলকে ঘিরে বসেছিল দিনব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা। এ যেন হিন্দু-মুসলিম সববয়সী নারী-পুরুষের এক মিলনমেলা। মেলায় দোকানিরা খাবারের রকমারি পসরা সাজিয়ে বসেন। সেখানেও উপচেপড়া ভিড় দেখা যায়।

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন জনম জনম ধরে অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সবার।
গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসা এক দর্শক বলেন, ‘আমি অনেক ছোটবেলা থেকে এই মাঠে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। মানুষের বিনোদনের পাশাপাশি মূলত অনেক দিনের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর।’

গরু দৌড় প্রতিযোগিতায় বুয়ালি গ্রামের চুন্নু মিয়ার কালো রঙের গরু ও ভাওয়ালিয়া গ্রামের দরবেশ মাদবরের বিশালাকার গরু মাঠ জুড়ে দাপিয়ে দর্শকদের আনন্দ-বিনোদনের খোরাক জোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *