নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বলমন্তচর এলাকায় ফ্রিজের ষ্টেবলাইজার ও আইপিএস তৈরীর বোরাক ইলেকট্রনিক্স কারখানায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে।
শনিবার রাত ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থের দাবী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ০৭ ডিসেম্বর শনিবার রাত ২টার দিকে অনুর আইপিএস তৈরীর কারখানায় আগুন দেখে ডাক চিৎকার দেয়। মুহুর্তে আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দোহার ফায়ার সার্ভিসের দল ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানার যন্ত্রপাতিসহ সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। কারখানার মালিক মনিরুল ইসলাম অনু জানান, অগ্নিকান্ডে তার কারখানার তৈরী ষ্টেবলাইজার, আইপিএস, কেবল ও মেশিনসহ সমস্ত মালামাল ভস্মিভূত হয়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার লোকসান হয়েছে। আর এ ব্যবসাটা ছিলো আমার একমাত্র অবলম্বন। দোহার ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপক কর্মকর্তা গোলজার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দূর্ঘটনাস্থল পরিদর্শনকারী নবাবগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
