নওগাঁয় চোর চক্রের ২ সদস্য আটক

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা ডিবি পুলিশ সাড়ে ৫৬ হাজার টাকা মূল্যের ৬টি মোটর ও বৈদ্যুতিক তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকাদিন নিমতলী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) এবং একই উপজেলার চকাদিন মোল্লাপাড়া গ্রামের মোহসীন প্রামানিকের ছেলে শাহিনুর প্রামানিক (২৪)।
এবিষয়ে ৮ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কেএম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই মহসিন রেজা, মোস্তফা কামাল, এএসআই ফেরদৌস আলী, মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার নিজ এলাকা থেকে বিকেলে তাদেরকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে, তাদের দখল হতে ৫৬ হাজার ৫শ টাকা মূল্যের ৬টি হর্স মোটর ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল রানীনগর থানায় দন্ডবিধি আইনের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *