দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীরা আবারও দৃঢ় ঐক্যের বার্তা দিয়েছেন। দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য, গ্রুপিং ও ক্ষোভ ভুলে রবিবার বিকালে উপজেলার আগলায় ডিএনএ কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদের বাড়িতে একমঞ্চে জড়ো হন। এসময় বিএনপির সাবেক বর্তমান সকল পর্যায়ের নেতা কর্মীরা ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আজ থেকে ওমুক ভাই, তকুম ভাই বলে নবাবগঞ্জে কোন গ্রুপ থাকবে না। সকলকে মনে রাখতে হবে আজ থেকে আমরা সবাই এক এবং অভিন্ন, আমাদের মার্কা ধানের শীষ। বক্তরা বলেন, এই ধানের শীষ জিয়াউর রহমানের প্রতীক। এই প্রতিককে বিজয়ী করতে আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে। মনে রাখতে হবে সকল যায়গায় ধানের শীষ পাশ করলে আর ঢাকা-১ আসনে ধানের শীষ ফেল করলে এর থেকে লজ্জার আর কিছু হবে না। আমরা অন্য যায়গায় মুখ দেখাতে পারবো না। তাই আজ থেকে আমরা এক এবং অভিন্ন হয়ে কাজ করবো।
বক্তারা আরোও বলেন, আমরা সবাই জানি দল থাকলে ব্যক্তির মূল্য থাকে। তাই ব্যক্তিগত মনোমালিন্য ভুলে দলকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি। মনে রাখতে হবে ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি আমাদের আন্দোলন, আমাদের আশা ও মানুষের মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে থাকলে ঢাকা-১ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এসময় ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আজ আমি খুব আনন্দিত। আমরা সাবেক বর্তমান সকল নেতা কর্মীরা এক মঞ্চে। আমরা যদি আমাদের এই একতা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে পারবো।
আশফাক আরোও বলেন, বিএনপি একটি বড় ও ঐতিহ্যবাহী দল হওয়ায় স্বাভাবিকভাবেই বিভিন্ন মত, অভিমত ও প্রতিযোগিতা থাকবে। তবে এই প্রতিযোগিতা যেন গ্রুপিং বা বিভাজনে রূপ না নেয়। আমরা সকলে একে অপরের ভাই হিসেবে দলের জন্য কাজ করবো।
