ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পাড়ায় অবস্থিত সরকারি হাই স্কুল সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কাশেম বলেন, মহান একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মহিউল মিল্লাত, সাধারণ সম্পাদক মনজুর রশিদ, সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, নাজনীন শিকদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
