নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মো. পিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার পুরিয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যবলেটসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে মো. পিন্টুকে আটক করা হয়। আটককৃত মো. পিন্টু নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর (বাগমারা) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
দোহার থানার ওসি (তদন্ত) আজহার ইসলাম বলেন, বুধবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে মাদক বেচাকিনির সময় মো. পিন্টুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২ হাজার পুরিয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ১০০ গ্রামের ওপরে এবং এর বাজার মূল্য আনুমানিক প্রায় ৭ লক্ষ টাকা। মো. পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নবাবগঞ্জ থেকে দোহারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় মো. পিন্টুর নামে দোহার থানায় একটি মাদক মামলা হয়েছে।
এ বিষয়ে ওসি(তদন্ত) আজহার ইসলাম আরও বলেন, বৃহস্পতিবার সকালে মো. পিন্টুকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোটে প্রেরণ করা হয়েছে।
