নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় দেবর প্রবাসী রোকন হোসেনকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন রোকন হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর এলাকায় গত রোববার ( ২৬ আক্টোবর) দিবাগত রাতে প্রবাসী খোকনের স্ত্রী লিমা আক্তারের বাড়ির পশ্চিম পাশের দরজার তালা ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় লিমা আক্তারের দেবর প্রবাসী রোকন হোসেনকে সন্দেহ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে রোকন হোসেন বলেন, আমার ভাবি বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। একটি গণমাধ্যমে তিনি বলেছেন, আমি বিদেশ থেকে এসে কয়েক দিন বাড়িতে বসবাস করি এবং স্বর্ণ ও টাকা রেখে বাবার বাড়িতে চলে যাই। আবার অন্য একটি গণমাধ্যমে বলা হয়েছে, আমি ২৬ তারিখ বিদেশ থেকে এসে এক দিন বাড়িতে থেকে চলে যাই। বক্তব্যের এই ভিন্নতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, আমি কীভাবে চুরির ঘটনায় জড়িত হলাম, তা আমার বোধগম্য নয়। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে বক্তব্য জানতে লিমা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে কল কেটে দেন বলে দাবি করা হয়েছে। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
