নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান বিশ্বাস (২৩) সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। সোহান বিশ্বাসসহ তার পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ৩ জনকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল খানের ভাতিজির গায়ে হলুদের অনুষ্ঠানে বরের বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত লোকের কারণে বয়োজ্যেষ্ঠদের নেমে যেতে বলা হয়। এতে তর্ক-বিতর্ক থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, হামলাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এবিষয়ে দোহার থানার ওসি তদন্ত মাসুদুর রহমান জানান, এ ঘটনায় আহত রাজার ভাই প্রিন্স বিশ্বাস বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় ৭জনহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
