নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে ঢাকার দোহার উপজেলায় বাহরাইন প্রবাসী স্বপন শেখের নিজস্ব অর্থায়নে শহীদ বীর আবু সাঈদ নাম করণ করে একটি নতুন রাস্তা উদ্বোধন ও আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দোহার উপজেলার বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছের উপস্থিত থেকে এ রাস্তটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া,বিলাসপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম তালুকদার, বিলাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক খান, মো. মাহবুব, আনোয়ার হোসেন, সাবেকছাত্র শিকদার আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেনসহ এলাকাবাসী ও বিএনপির অংঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
বাহরাইন প্রবাসী স্বপন শেখ জানান, মরে যাওয়ার পর কর্মের স্বীকৃতি দিলে তা ওই ব্যক্তি দেখেন না। তাই সৃষ্টিশীল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করার প্রয়াস হিসেবে সড়কটিকে ‘ শহীদ বীর আবু সাইদ সড়ক’ হিসেবে নামকরণ করা হয়েছে। আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দেয়া সেই সাহসী ছাত্র শহীদ আবু সাঈদ ভাইয়ের স্মৃতিকে অমলিন রাখতেই আমার এ নিবেদন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুর ৩টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন
