দোহারে রাতের আধাঁরে বসতঘরে ড্রেজারের পানি, আতঙ্কে এলাকাবাসি

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট এলাকায় অবৈধ ড্রেজারের পানিতে প্লাবিত হয়েছে প্রায় ১৫টি ঘরবাড়ি। এছাড়া ড্রেজারের বালুতে ক্ষতিগ্রস্ত হয়ে হুমকির মুখে রয়েছে তিনটি বাড়ি।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাহ্রা ঘাটে প্রধান রাস্তার উপর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেজার পাইপ নিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম—সম্পাদক আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি। তার ড্রেজারের মাধ্যমে বাহ্রাঘাটে বানিজ্যিকভাবে রাতের আধাঁরে বালুর স্তুপ তৈরি করেছেন বালু ব্যবসায়ী খোকন খান। বালু ও ড্রেজার পাইপের পানির কারণে ঘাটের কয়েকটি দোকানসহ আশ—পাশের কয়েকটি বাড়িঘর হুমকিতে পরেছে।

বাহ্রা ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ী আল—সানী জানান, রাতের বেলা ড্রেজার চালু করার সাথে সাথে আমাদের দোকানের সামনে থেকে বাজারের অর্ধেক অংশ পানিতে তলিয়ে যায়। দোকানে কোনো কাস্টমার না আসায় আমরা এখন খুব সমস্যায় আছি।

সরস্বতী রানী নামে স্থানীয় বাসিন্দা জানান, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ড্রেজার চালু করার পর আমাদের ঘরসহ আরো বেশ কয়েকটি ঘরে প্রবলবেগে পানি ও বালু প্রবেশ করে। আমার ঘরে অসুস্থ রোগী ছিল। পরে আমরা আতঙ্গে রাতেই ঘর থেকে বেরিয়ে আসি। বারবার নিষেধ করার পরেও এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ড্রেজারের সাথে জরিত কেউ ঘটনাস্থলে আসে নাই। আমরা এর প্রতিকার চাই।

এবিষয়ে ড্রেজার ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, আমার ড্রেজার দিয়ে আরব আলী মেম্বারের মাধ্যমে খোকন খান বালু ফেলছে। রাস্তার উপর পাইপ নেয়ার বিষয়ে বলেন, আমরা প্রশাসনের অনুমোদন নেইনি।

এ ব্যপারে জানতে ড্রেজার ব্যবসায়ী আরব আলী মেম্বার ও খোকন খান এর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউ ফোন রিসিভ করেননি।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এর আগে নয়াবাড়িতে অভিযান চালিয়ে ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে। আজকের বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। জনসাধারণের ক্ষতি করে কেউ বালুর ব্যবসা পরিচালনা করলে তাদের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *