শামীম মাহমুদ সবুজ : দোহার উপজেলায় সরকারি পদ্মা কলেজের ছাত্র ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত জিহাদ হোসেন বিল্লাল (১৮) নামে যুবকের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ হোসেন বিল্লাল নারিশা পশ্চিম চর লঞ্চঘাট গ্রামের জালাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী শেখ ফরহাদ জানায়, উপজেলার গাজিবাড়ির রোডে তিন যুবক জিহাদ. সৌরভ ও মাহফুজ লঞ্চঘাট হতে গাজিবাড়ি দিয়ে মেঘুলা বাজারে যাচ্ছিলেন মেঘুলার গাজিবাড়ি আর্মি ক্যাম্পের সামনে এলে রাস্তার মধ্যে ড্রেজারের পাইপের ভিট পার হতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মেহেগুনি গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থাকা সৌরভ ও মাজফুজ সামান্য আঘাত পেলেও ঘটনাস্থলে মারাক্তকভাবে আহত হয় জিহাদ হোসেন বিল্লাল। স্থানীয়রা তাকে আহত অবস্থা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদ হোসেন বিল্লালকে মৃত ঘোষনা করেন।
বিল্লালের মা জানান, তিন মাস ধরে পুলিশের ট্রেনিং শেষ করে বাড়িতে এসে মোটরসাইকেল দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বের হয়। আমি আমার যাদুধনকে ভালভাবে দেখতে ও পারলাম না তার আগেই আল্লাহতায়ালা আমার ছেলেকে নিয়ে গেল এই বলে নিহতের মা জ্ঞান হারিয়ে ফেলছেন।
বিল্লাল বাংলাদেশ পুলিশ বাহিনীতে কন্সটেবল হিসেবে নিয়োগ পেয়ে তিন মাসের প্রশিক্ষণ শেষে টাঙ্গাইল থেকে তিন দিনের ছুটিতে বাড়িতে আসে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় খাওয়া দাওয়া শেষ করে পরিচিতজনের সাথে দেখা করতে বের হয়ে বাড়ি ফিরল লাশ হয়ে এমনটাই জানিয়েছে, বিল্লালের বাবা জলিল বেপারী। বিল্লাল এইবার সরকারি পদ্মা কলেজের এইচএসসি (আরপি) পরীক্ষাথী ছিল বলে জানান তিনি।
এলাকাবাসী জানান, আমাদের দোহারের বিভিন্ন সড়কে অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে অসংখ্য স্পিড ব্রেকার। যেখানে নেই কোনো রং করা বা সাংকেতিক চিহ্ন। এছাড়াও ড্রেজার পাইপ লাইনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কগুলোতে যত্রতত্র স্পিড ব্রেকার তৈরি, মেইন সড়কের উপর দিয়ে ড্রেজার পাইপ লাইন বসানোর কারনে সড়কগুলো যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ঘটনার আগেও স্পিড ব্রেকার ও ড্রেজার পাইপ লাইনের কারণে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এবিষয়ে দোহার থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং অবৈধভাবে ড্রেজার বসিয়ে রাস্তার মধ্যে যত্রতত্রভাবে পাইপের লাইন নেওয়ায় ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে তিন যুবক মেঘুলার দিকে যাচ্ছিলেন। এতে মোটরসাইকেলে বিল্লাল গুরতর আহত হলে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। প্রাথমিকভাবে আমরা সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।
