নিজস্ব প্রতিবেদক. ঢাকার দোহারে সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ফাস্টফুড দোকানী, বাইক চালক ও পথচারীসহ ১৩ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত উপজেলার থানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মোট ১১টি মোবাইল কোর্ট মামলায় ৬ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। দোহার থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ও সরকারি আদেশ অমান্য এবং সড়ক পরিবহণ আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
