দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় হারুন-অর রশীদ মাস্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ।

বুধবার  (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত হারুন-অর রশীদ  মাস্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

হারুন মাস্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হয়। এসময় তিন যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *