ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করায় নির্বাচনী আচরণবিধিমালা ৪ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কাচারিঘাট আউলিয়াবাদ এলাকায় এ জরিমানা করা হয়।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে কাচারীঘাট আউলিয়াবাদ এলাকার ফারুক মোল্লার বাড়িতে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করা হয়েছে , এমন খবরের ভিত্তিত্বে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফারুক মোল্লা এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইন সকল প্রার্থীর জন্য সমান।
