দোহারে নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় পদ্মার শাখা নদীতে গোসলে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর রাহাত (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। সে চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) দুপুরে দুই বন্ধুর সাথে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের সামনে নদীর ঘাটে গোসলে আসে রাহাত। গোসল শেষে দুই বন্ধু হঠাৎ রাহাতকে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ঘাটের পাশে পানির নিচ থেকে রাহাতের মৃত দেহ উদ্ধার করেন তারা। এসময় তার পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

রাহাতের বাবা খলিলুর রহমান কান্নাজরিত কণ্ঠে বলেন, চার মাস আগে ঢাকা থেকে দোহারে এসে একটি ভাড়া বাড়িতে তিন সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। রাহাত সবার ছোট। আমার কলিজার টুকরো শেষ হয়ে গেলো। আমার রাহাতকে এনে দেন। এদিকে নিখোঁজের পর থেকেই নদীর দুইপারে ভিড় জমায় হাজারো মানুষ। উদ্ধারের পর রাহাতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *