নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ জহর আলী ( ৫৫) নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ছদ্ধি এলাকার মৃত আনার উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০২ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মৈনটঘাট থেকে ইয়াবা বহন করে গোপালগঞ্জ নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহার থানার ওসি তদন্ত আরাফাত হোসেন, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম, এসআই মো. মনিরুজ্জামান, এএসআই দিনেশ ঘোষসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স নিয়ে জহর আলীকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তিন হাজার পিস ইয়াবাসহ জহর আলী নামে একজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত কয়েকজনের নাম বেড়িয়ে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটকৃত জহর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
