দোহারে ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও ফগিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রসাশন ও পৌরসভা প্রসাশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকার্তা ডা. মো. রবিউল ইসলাম, দোহার পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএস আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের দপ্তর কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা অধিক কার্যকর। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়া এবং কার্যকর মশকনিধন কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকার্তা ডা. মো. রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। মশার উৎসস্থল ধ্বংস করতে পারলে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনিধন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাড়ির ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *