দোহারে জয়পাড়া পরিবহনের স্বেচ্ছাচারিতা: রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা

কাজী জোবায়ের আহমেদ. ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া পরিবহনের স্বেচ্ছাচারিতার কারনে ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ অন্যান্য যানবাহন চালক ও পথচারীরা। শুক্রবার (২৮ আগস্ট) বেলা তিনটার দিকে এমন একটি চিত্র ধরা পরে নববাংলার ক্যামেরায়।
উপজেলার রতন স্বাধীনতা ভাস্কর্যের সামনে প্রায় ২০ মিনিট জয়পাড়া পরিবহনের একটি বাস উল্টোদিকে পার্কিং করে দুই পাশে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দীর্ঘ যানজট তৈরি করে। এতে ভোগান্তীতে পড়েন অন্যান্য যানবাহন চালকসহ পথচারীরা। এসময় এই পরিবহনের চালক ও কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেকে আবার গাড়ির চালকের কাছে এসে প্রতিবাদ করতে শুরু করেন। তবুও গাড়িটি একই স্থানে অবস্থান করে রাখেন চালক।
রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালক জানান, প্রায় ২০ মিনিট ধরে এভাবে রাস্তা আটকে রেখেছে। আমরা গাড়ি নিয়ে যেতে পারছিনা। এমন ব্যস্ততম জায়গায় যদি এভাবে গাড়ি রাখে তাহলে মানুষ কিভাবে যাতায়াত করবে।
সামসুল আলম নামে এক পথচারী জানান, এমনিতেই আওয়ামী লীগের অফিসের সামনে সম্পূর্ণ জায়গাটিতে পার্কিং করে রেখেছে। আবার দেখেন কিভাবে রাস্তার দুইপাশ আটকে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। এরা কি দেশের কোনো আইন কানুন মানে না? প্রশাসনের উচিৎ এদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া।
এসময় জয়পাড়া পরিবহনের চালকের কাছে এমন প্রতিবন্ধকতার কারণ জানতে চাইলে তিনি জানান, পার্কিং করবো তাই একটু দেড়ি হচ্ছে।
এসময় এই পরিবহনের বিষয়ে আরো নানা অভিযোগ তুলে ধরেন আশেপাশের মানুষসহ যাত্রীরা। তারা জানান গাড়িটিতে একই পরিবারের কেউ পাশাপাশি আসনে বসলে তাদের কাছ থেকেও নেয়া হয় অতিরিক্ত ভাড়া। গাড়ির ফিটনেস নিয়েও নানা অভিযোগ করেন অনেকে। খুব দ্রুত বিষয়টি নজরে এনে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *