নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবি আহত। সোমবার উপজেলার রাইপাড়া ইউনিয়নের চরকুশাই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চরকুশাই গ্রামের কফিল উদ্দিন মোল্লার ছেলে লতিফ মোল্লা (৪০) ও তার স্ত্রী হালিমা (৩৫)।
আহত লতিফ মোল্লা জানান, ছোট ভাইয়ের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সোমবার ময়লা ফেলাকে কেন্দ্র করে তার স্ত্রী হালিমা বেগমের সাথে ছোট ভাইয়ের স্ত্রী জাহানারা বেগমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক সময় তার ছোট ভাই ফজল মোল্লা, ভাতিজা জনি, পুত্র বধু আইরিন এবং তার ছেলের শশুর আবুল, শাশুড়ি হাসিনা এবং তাদের ছেলে রাসেল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় রাসেল ও তার পিতা আবুলের হাতে থাকা অস্ত্রের আঘাতে জখম হয় লতিফ মোল্লা ও তার স্ত্রী হালিমা।
পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত লতিফ মোল্লা ও তার স্ত্রী হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল বলেন, এঘটনায় মামলা হয়েছে।
