ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায়- ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এ বিষয়বস্তুর উপর বিতর্ক প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় এক পক্ষের বক্তারা বলেন, অভাব মানুষকে
দুর্নীতির দিকে ঠেলে দেয়। মানুষ জন্মগত ভাবে দুর্নীতিবাজ হয় না। অভাব মানুষকে নষ্ট করে। অভাব বলতে শুধু দারিদ্রতার অভাব বোঝায় না, নৈতিকতা ও মানসিকতার অভাবও বোঝায়। পরিবারকে বাঁচাতে তারা সীমাহীন দুর্নীতি করে থাকে।
বিপরীত পক্ষ বলেন, লোভ একটি মানসিক রোগ। মানুষের প্রয়োজন যতটুকু মানুষ তার থেকে চায় সীমাহীন। মানুষ যত বেশি পায় তার থেকে বেশি চায়। অভাবই যদি দুর্নীতির প্রধান কারণ হয় তাহলে গরিব মানুষই হতো দুর্নীতির মূল চাবিকাঠি।
কমিটির সভাপতি মো.আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাম্মী আক্তার নাসরিন, কমিটির সহ-সভাপতি ডা. মহিউল মিল্লাত, সাবিনা ইয়াসমিন, সদস্য সোহরাব উদ্দিন, নিগার সুলতানাসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিচারক হিসেবে ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো.ইদ্রিস আলী, প্রভাষক সুমাইয়া আক্তার, জয়পাড়া কলেজের প্রভাষক মো. আব্দুল কুদ্দুস মিয়া ও প্রভাষক আব্দুল হালিম মিয়া।
বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি স্কুলের শিক্ষাথীরা অংশগ্রহণ করে। পরে গ্রুপ পর্বের ২য় রাউন্ডে ৪ টি স্কুলের শিক্ষাথীরা সেমিফাইনালে উত্তির্ণ হয়।
