নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলার বেগম আয়েশা পােইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে শীতের পোশাক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র । আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী মিয়া, বেগম আয়েশা পােইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, স্থানীয় গার্ল গাইডের সাধারণ সম্পাদক ইশরাত জাহানসহ গার্ল গাইডস এর অন্যান্য সদস্যবৃন্দ ।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যদের মাঝে শীতের পোশাক বিতরণ
গার্ল গাইডস এর কমিশনার কুলছুম বেগম তার বক্তব্যের শুরুতেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নারী নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী নিজেও ছাত্রজীবনে হলদে পাখির দলের সদস্য ছিলেন । প্রাইমারী শাখায় হলদে পাখির দল ও মাধ্যমিক শাখায় গার্লস গাইডস ও উচ্চ মাধ্যমিক শাখায় রেঞ্জার গঠনের মাধ্যমে নারী নেতৃত্বের বিকাশে মানবতাবোধ জাগ্রত হবে, সচেতনতা বাড়বে।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গার্ল গাইডিং হল একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক সংগঠন। একজন বালিকা বা কিশোরীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে মূলত এর অগ্রযাত্রা। কাজেই নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে চলা গার্ল গাইডের সদস্যরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
