নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কুকুরকে ঢিল দেওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীসহ তাদের মা ও দাদীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা সিরাজুল মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার নারিশা খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তাওহীদ (১২), নুসরাত (১০), তাদের মা তাসলিমা আক্তার এবং দাদী নুরজাহান বেগম।
আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাওহীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল মৃধা একটি কুকুর পোষেন। কুকুরটি প্রায়ই ঘেউ ঘেউ করায় এলাকার ছোট ছোট শিশুরা ভয় পায়। ঘটনার দিন কে বা কারা কুকুরটিকে ঢিল মারার পর এ ঘটনায় তাওহীদ ও নুসরাতকে দায়ী করে তাদের মারধর করা হয়। পরে বিষয়টি জানতে তাওহীদের মা তাসলিমা আক্তার ও দাদী নুরজাহান বেগম প্রতিবাদ করতে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিরাজুল মৃধা মারধরের ঘটনা স্বীকার করে বলেন, আমাদের শুরক্ষার জন্য আমরা একটি কুকুর পালি এবং বাড়ির বাহিরে কুকুর হতে সাবধান সতর্কবার্তা দেওয়া আছে, ছোট একটি বিষয় নিয়ে থানায় আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
তাওহীদের বাবা নুরল আমিন বলেন, আমার ছোট ছেলে-মেয়েকে মারধরের পর আমার স্ত্রীকেও আওয়ামীলীগ নেতা সিরাজুল মৃর্ধা ও হিরো মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
