নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইজিবাইকের ধাকায় মো. সাজিদ হোসেন (১১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন রোদেলা এন্টার প্রাইজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজিদ মালিকান্দা গ্রামের মো. সিরাজ চৌকিদারের ছেলে। সে উপজেলার ফাস্ট গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ঘাতক ইজিবাইক চালক সোলাইমানকে আটক করে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজিদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় মাথায় আঘাত লেগে গুরতর আহত হয় সে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাজিদের বাবা মার আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।
এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ২ ঘন্টা অবরোধ করে,বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সবধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা স্কুল ও কলেজের সামনে ২৪ ঘন্টার মধ্যে জেব্রাক্রসিং ও লাইসেন্স বিহীন গাড়ী বন্ধ করার দাবি জানায়।
খবর পেয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
