দোহারে হ্যান্ড স্যানিটাইজার সংকট

নিজস্ব প্রতিবেদক : করোনা প্রতিরোধে বেশি বেশি হাত ধোয়ার কারনে বিভিন্ন কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে। উপজেলার জয়পাড়া বাজার, মেঘুলা বাজার, নারিশা বাজার ও ফুলতলা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় ঔষধের দোকান ও মুদি দোকানে কনো প্রকার হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না।

আর এই সুযোগে অনেক দোকানী এসব গুরুত্বপূর্ণ সামগ্রীর মূল্য বাড়িয়ে দিয়েছে। শনিবার (২৮ মার্চ) নারিশা ও মেঘুলা বাজারের কয়েকটা দোকানে অনেক খোঁজাখুজি করেও কোনো হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।

নারিশা বাজারের আলেয়া ফার্মেসির স্বত্বাধিকারী সজীব আলম মোল্লা জানান, সরকারিভাবে করোনা প্রতিরোধে জনগণকে বারবার হাত ধোয়ার বিষয়ে আহবান জানানোর পর থেকে হ্যান্ড স্যানিটাইজার কেনার ধুম পড়ে যায়। যার ফলে এই মুহূর্তে পুরো বাজারজুরে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। তবে তাদের দোকানে বিভিন্ন কোম্পানির এসব সামগ্রী মজুদ থাকাকালীন তারা নির্ধারিত দামেই এসব বিক্রি করেছেন বলেও জানান তিনি। জরুরি মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া গেলে যেকোনো সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ারও পরামর্শ দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার জন্য উত্তম তবে তা পাওয়া না গেলে যেকোনো সাবান অর্থাৎ যে সাবানে ক্ষার বেশি রয়েছে এমন সাবান দিয়ে হাত ধুয়ে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করা সম্ভব।

দোহারে হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশানার ( ভূমি) কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে গেছে যার ফলে বাজারে পন্যের সংকট দেখা দিয়েছে। তবে এসব পণ্য মজুদ করে কোনো দোকানী বেশি মূল্য নিলে এবং প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *