নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. বাদশা (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায় তিনি পেশায় রংমিস্ত্রি ।
নিখোঁজ যুবকের সহকর্মী রং মিস্ত্রি সুমন জানান, গত (২৯ মে) শুক্রবার তাদের সাথে বাদশা নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের রংমিস্ত্রির কাজে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শী ফজলুর রহমান নামে এক ব্যক্তি জানান, দূর থেকে তিনি ডাক চিৎকার শুনে এগিয়ে এসে নদীতে বাঁশ ফেলে বাদশাকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু তীব্র স্রোতে নিমিষেই বাদশা পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলেনি।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তারা সেখানে কোনো কার্যক্রম না চালিয়ে ফিরে আসেন।
এ বিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই ফুল মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলায় বলে আমরা জানতে পেরেছি। সে দোহারে রংমিস্ত্রি হিসেবে কাজে এসেছিল।আগামীকাল সকালে ডুবুরি দল নিখোঁজ ছেলেটিকে খোঁজার জন্য নামানো হবে৷
নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন বলেন, গতকাল দুইটা ছেলে আমাদের স্কুলের নতুন ভবনে টাইলসের কাজ করার জন্য ময়মনসিংহ ও নওগাঁ থেকে আসে তারমধ্যে বাদশা একজন। আজকেই কাজ শুরু করে এবং কাজ শেষে বিকালে গোসলের উদ্দ্যশ্যে পদ্মা নদীতে নামলে সে স্রোতের মধ্যে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
