দোহারের কুসুমহাটিতে দুইজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ,বাড়িতে লাল নিশানা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে বিদেশ ফেরত এক ব্যক্তি ও তার পাঁচ বছরের এক কন্যাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ঐ বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০দিন আগে ঐ বাড়ির এক ব্যাক্তি সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ফেরার পর তিনি এবং তার পাঁচ বছর বয়সী এক মেয়ের জ্বর অনুভব করতে থাকেন । কিছুতেই তাদের জ্বর কমছিলো না এবং তারা হোম কোয়ারেন্টাইনও মানছিলেন না। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে শনিবার সকাল ১১টায় ইমামনগর ঐ ব্যাক্তির বাড়িতে যান দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার থানা ওসি তদন্ত আরাফাত হোসেন ও কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। এসময় বিদেশ ফেরত ব্যাক্তি ও তার কন্যার অসুস্থতার লক্ষন দেখে তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। এবং তাদের বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দেয় প্রশাসন।
এবিষয়ে দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন নববাংলাকে জানান, আমরা জ্বরে আক্রান্ত ঐ ব্যাক্তি ও তার মেয়ের বিষয়ে জানার পর তাদের বাড়িতে পরিদর্শনে যাই। তাদের অসুস্থতার লক্ষনগুলো দেখে আমরা তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলি। বিষয়টি ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানসহ জেলা সিভিল সার্জন ও ঢাকা আইডিসিআর কর্মকর্তাদের জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা এই দুই জনের রক্ত পরীক্ষা করা হবে। রক্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্থানীয়দের সাথে তাদের মেলামেশায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *