খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় কৃষি শ্রমিকের কাজ করতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে লোহার রড দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে নাজিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোড়ালমারা চাপড়াশি পোলের গোড়া এলাকায় অভিযুক্ত আইয়ুবের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
আহত নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, অভিযুক্ত আইয়ুব তার কৃষিজমিতে ধান রোপণের জন্য তাকে শ্রমিক হিসেবে কাজ করতে বলেন। কিন্তু ওই জমি নিয়ে বিরোধ থাকায় তিনি কাজ করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আইয়ুব হঠাৎ লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ মান্নান জানান, আইয়ুব নাজিমকে কৃষি শ্রমিকের কাজে যেতে বলেছিল। নাজিম রাজি না হওয়ায় সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড দিয়ে মারধর শুরু করে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আইয়ুবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আইয়ুবের বড় ভাই মোঃ মুসলিম বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। শুনেছি এ ঘটনায় নাজিমের দোষ বেশি। তারপরও বিষয়টি মীমাংসার চেষ্টা করবো।”
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম সাংবাদিকদের জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
