ঢাবিতে কীর্তিনাশা’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন “কীর্তিনাশা” এর উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি তাহমিদুর রহমান সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম কোতোয়াল, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পরিচালক (অর্থ) সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন, সমবায় অধিদপ্তর ঢাকার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল খায়ের হিরো।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন (শরীয়তপুর) ১১ জন শিক্ষার্থী কৃতি সংবর্ধনা ও ৪ জনকে কৃতি সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ৪ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিযুক্ত হওয়া, ৭ জন সরকারি উচ্চপদস্থ পদে নিয়োগ পাওয়ায় কৃতি সংবর্ধনা এবং ৪ জন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় কৃতি সম্মাননা দেওয়া যায়।

অনুষ্ঠানে সৈয়দ হেমায়েত হোসেন বলেন, শরীয়তপুর জেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রিতে পড়ানোর সুযোগ দেওয়া হবে। এছাড়াও আমি সবসময় তোমাদের পাশে থাকবো। এসময় তিনি সবাইকে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এবং গণতন্ত্রের পক্ষে থাকার আহবান জানান।

আবুল খায়ের হিরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে পাশে থাকবো। ডা. মুজিবুর রহমান ও ডা. হেলাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের যে কোনো চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কীর্তিনাশা’র সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *