কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা জেলা সার্কেলের ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ভেন্যু ইকুরিয়া থেকে বিআরটিএ গাবতলী ভেন্যুতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা ট্রাক -কভারভ্যান ইউনিয়নের উদ্যোগে সকালে ইকুরিয়া বি আর টি এ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে ঢাকা জেলা ট্রাক – কভারভ্যান ইউনিয়নের নেতৃবৃন্দ, সদস্য, ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের শ্রমিক ও এলাকাবাসীরা অংশগ্রহণ করে। এ মানববন্ধন কর্মসূচি টি প্রায় ঘন্টা ব্যাপী বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ঢাকা জেলা ট্রাক- কভারভ্যান ইউনিয়ন সভাপতি মোঃ গিয়াস উদ্দিন জানান, ইকুরিয়া বিআরটিএ তে প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই কার্যালয় থেকে ঢাকা জেলা সার্কেলের ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালার ভেন্যু গাবতলীতে স্থানান্তর করা হলে তারা সবাই কর্মহীন হয়ে পড়বে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোরালো দাবি জানাচ্ছি,তারা যেন ঢাকা জেলা সার্কেলের ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালার ভেন্যু ইকুরিয়া বিআরটিএ-তে রাখেন। ঢাকা জেলা ট্রাক -কভারভ্যান ইউনিয়ন সহ-সভাপতি সেলিম আহমেদ বলেন, ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ঢাকা জেলার লোকেরা খুব অল্প সময়ে ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পারে।
এখানে পর্যাপ্ত বিভিন্ন যানবাহন রাখার জায়গাও রয়েছে। কিন্তু গাবতলীতে ঢাকা জেলার লোকজন ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়বে এবং তাদের দীর্ঘ সময় অতিবাহিত হবে। ঢাকা জেলা ট্রাক – কভারভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বলেন, ঢাকা জেলা সার্কেল ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালার ভেন্যু যদি ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে গাবতলী বিআরটিএ তে স্থানান্তর করা হয় তাহলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না। ঢাকা সার্কেলের লোকজনদের গাবতলীতে গিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করে ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। এতে তাদের শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
আমরা কর্তৃপক্ষের স্থানান্তরের এই সিদ্ধান্তকে পরিবর্তনের দাবি জানাচ্ছি। ইউনিয়নের সহ সভাপতি ডাক্তার মোঃ কামাল হোসেন জানান,একটি কুচক্রী মহল ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে ঢাকা সার্কেলের ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালয়ের ভেন্যু স্থানান্তরের ষড়যন্ত্র করছে। আমরা এই ভেন্যু ইকুরিয়া থেকে গাবতলীতে স্থানান্তর করতে দেবো না। আমরা বি আর টিএ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা জেলা সার্কেলের ড্রাইভিং পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ভেন্যু ইকুরিয়া বিআরটিএতে রাখার জোর দাবি জানাচ্ছি ।
