কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ হুসেইন। তিনি বলেন, বাউবি দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নবম শ্রেণি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। এটি যে কোনো বয়সের নারী-পুরুষ, কর্মজীবী, গৃহিণীসহ সকল শ্রেণির মানুষের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত রেখেছে। তিনি আরও বলেন, উন্মুক্ত ও দূরশিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার আলো দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভায় শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সোহেল সভাপতির বক্তব্যে বলেন, কেরানীগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। যদি এই বিদ্যালয়ে বাউবির এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার চালু করা যায়, তাহলে অনেক শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ উপকৃত হবে। সভায় আরও জানানো হয়, বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে।
এ ধরনের প্রচার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমাজের সব স্তরের মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে বক্তারা জানান।
