নিজস্ব প্রতিবেদক : দোহার-শ্রীনগর-ঢাকা ও ঢাকা-কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কে যাত্রা শুরু করল সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস। আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা তিনটায় দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে ও নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। এরই মধ্য দিয়ে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ ও শ্রীনগর উপজেলার পরিবহন সেক্টরে নতুন অধ্যায়ের শুভসূচনা হল। বিআরটিসি বাসগুলো দোহারের করম আলী মোড় থেকে শ্রীনগর হয়ে ও নবাবগঞ্জের বান্দুরা থেকে কেরানীগঞ্জ হয়ে ঢাকার ফুলবাড়িয়া পর্যন্ত চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, এই সড়কে বিআরটিসি বাস দেয়া আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। আমি আনন্দিত আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরে। এ সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসময় তিনি আরও বলেন, বিআরটিসি বাস সরকারি সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। আপনারা বিআরটিসি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন যাতে দোহার-নবাবগঞ্জ সড়কে এ বাসগুলো ভাল সেবা দিয়ে যেতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সচিব মো. সাইদুর রহমান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহম্মদ নুর আলী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান বাবু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ আরও অনেকে।
