টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ সেবা কার্যক্রমের আয়োজন করেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
সেবা নিতে আসা কয়েকজন জানান, অর্থসংকটের কারণে দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেননি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।
এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।আয়োজক মঞ্জু শেখ ফারুক বলেন, এলাকায় মানসম্মত চিকিৎসাসেবার সুযোগ সীমিত। অনেক অসহায় মানুষ অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনসেবামূলক কাজে এগিয়ে আসা উচিত।
