চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর শ্রমিক নিখোঁজ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নৌকা চুরির অভিযোগে  রোমান শেখ (৩৫)  নামে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে বেদম মারধরের পর থেকে  নিখোঁজ রয়েছেন।  তিনি আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে। প্রায় ১০ বছর আগে দিঘীরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

শাশুড়ি আসমা বেগম বুধবার বিকেলে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়,  প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি ছোট কাঠের নৌকা চুরি হয়। এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কানাইনগর বালুর মাঠ এলাকায় রোমানকে ধরে ফেলে মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ, পিন্টু,সোহান,মোকশেদ ও বিল্লাল। তারা তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আড়িয়াল বিলে নিয়ে যায়।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোমানের দুই হাত গাছে বাঁধা অবস্থায় কয়েকজন তাকে মারধর করছে।

তার শাশুড়ী আসমা বেগম বলেন, “আমরা সর্বত্র খুঁজেছি কিন্তু কোনো সন্ধান পাইনি। তারা পরিকল্পিতভাবে অপহরণ করেছে। আমার জামাইয়ের জীবন এখন ঝুঁকির মধ্যে।”

যোগাযোগ করা হলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ রোমানকে উদ্ধারের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *