কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শামীম উদ্দিন । তিনি এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি জানান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভেদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, শূন্যপদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শামীমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় ইউএনবি ঢাকা জেলা প্রতিনিধি এইচ এম আমিন ও দৈনিক সমকাল প্রতিবেদক মুক্তার হোসেনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, শেখ মো. শামীম উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং কেরানীগঞ্জের স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একজন পরিচিত মুখ।
