কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে পাষন্ড স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন জোসনা আক্তার(২৫) নামের এক গৃহবধূ । মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মোল্লা বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ঘাতক স্বামী মো. সুমন (২৮) তার দুই কন্যা সন্তান লামিয়া (৭) ও সামিয়া(৩) কে নিয়ে পালিয়ে গেছে। ঘাতক সুমনের বাবার নাম জহুর আলী। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি থানার রায়পুর গ্রামে।
নিহত জোসনা আক্তারের বাবা জাফর হাওলাদার জানান ১৩ বছর পূর্বে ঘাতক সুমনের সাথে তার মেয়ের বিবাহ হয়। তাদের ঘরে লামিয়া (৭) ও সামিয়া (৩) নামে ২টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সুমন তার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করত। এনিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে। উপায়ন্তর না দেখে তার ভাড়াটিয়া বাড়ির পাশেই মেয়ে জোসনাকে বাসা ভাড়া নিয়ে দেয় সে। তিনি খুব সকালে খবর পান যে সুমন তার মেয়েকে অনেক মারধর করেছে। পরে তিনি মেয়েকে দেখার উদ্দেশ্যে রওনা দেন। ততক্ষনে সুমন জোসনাকে খুন করে তার দুইটি কন্যাসন্তানসহ অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
নিহতের ছোট বোন হোসনা বেগম জানান, ঘাতক সুমন তার বোনকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘাতক সুমন পেশায় ছিল একজন রাজমিস্ত্রি।
এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, তেঘরিয়া পশ্চিম পাড়ায় একটি খুনের ঘটনা ঘটেছে। নিহতের পিতা জাফর হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামী ধরার জন্য চেষ্টা চলছে।
