কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় ভবনের চারতলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ৪জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছে মো. আজম (৩৫),তার স্ত্রী শোভা (২৭),পাশের বাড়ির জাহিদ (৪২), বেবী (২৫) । আহত আজম ও তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ওই বাড়িসহ আশেপাশের আরো ১০টির বাড়ির ঘরের দরজা, জানালার কাচ,ফ্রিজ, টিভি ও দেয়াল ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির সাধন হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর রাতে সেহেরী খাওয়ার সময়।
জানাযায় শুভাঢ্যা উত্তরপাড়া জনৈক হাজী আবুল হোসেনের বাড়ির চারতলার একটি ফ্লাটে আজম ও তার স্ত্রী শোভাকে নিয়ে ভাড়া থাকেন। আজম ঢাকার স্কয়ার হাসপাতালে এবং তার স্ত্রী একটি ব্যাংকে চাকুরী করেন। রাতে সেহেরীর সময় হঠাৎ তাদের ফ্লাটের একটি রুম থেকে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এই বিস্ফোরণের শব্দ আশেপাশের প্রায় ১কিলোমিটার দূর থেকে মানুষ শুনতে পায়। এসময় ওই এলাকার মানুষজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে ছুটাছুটি করতে থাকে।
এই বিস্ফারণে সাথে সাথেই ওই ফ্লাটের দেয়াল , জানালা,ভেঙ্গে আশেপাশের বিভিন্ন টিনসেড ও আধা পাকা বাড়ির উপর ছিটকে পড়ে যায়। এতে টিনসেড ও আধাপাকা বাড়িগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়।এসময় আধাপাকা ঘরগুলোতে থাকা জাহিদ ও বেবীসহ কয়েকজন আহত হয়। বিকট শব্দে ওই বিল্ডিংসহ পাশের বিল্ডিংটির দেয়ালে ফাটল ধরেছে। বিল্ডিং দুইটির বিভিন্ন ফ্লাটের দরজা, থাই জানালা, বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসেন। পরিদর্শন শেষে তারা জানান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ঘটনাটি ঘটেছে।
