কেরানীগঞ্জে কিশোরের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের আগানগরে একটি নির্মাণাধীন মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে শিহাব (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মায়ের দাবি- বৃহস্পতিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে ভবনের ওপর থেকে ফেলে শিহাবকে হত্যা করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন জানান, এইচবি টাওয়ার নামে নির্মাণাধীন একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে লিফট স্থাপনের স্থানে লাশটি পড়েছিল। এখনো লিফট স্থাপন হয়নি। লিফট স্থাপনের জন্য যে জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখান দিয়ে ওপর থেকে শিহাব নিচে পড়ে। উঁচু থেকে উপুড় হয়ে নিচে পড়ায় তার মুখমণ্ডল থেঁতলে যায়। এছাড়া হাতের হাড় ভেঙে গেছে। তবে শিহাব কিভাবে নিচে পড়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিহাবের মা সখিনা বেগম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রতিবেশী নাইম নামে এক যুবক শিহাবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাসায় ফেরেনি। পরদিন সকালে লোকমুখে শুনতে পান বাড়ির অদূরে নির্মাণাধীন মার্কেটের নিচতলায় তার ছেলের লাশ পড়ে আছে। সখিনা বেগম আরও জানান, শিহাব মাদকাসক্ত ছিল। এজন্য তাকে মাদকাসক্তি নির্মূল কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। বুধবার তাকে সেখান থেকে বাসায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *