কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৯৫২ জনে। নতুন ৩৬ জনের মধ্যে জিনজিরা ইউনিয়নে ৭জ ন, কালিন্দী ইউনিয়নে ৩ জন, আগানগর ইউনিয়নে ২ জন, কলাতিয়া ইউনিয়নে ২ জন, শাক্তা ইউনিয়নে ৭ জন, শুভাঢ্যা ইউনিয়নে ৭ জন, কোন্ডা ইউনিয়নে ৩ জন, রোহিতপুর ইউনিয়নে ২ জন, তেঘরিয়া ইউনিয়নে ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভারসহ ২ জন রয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে কেরানীগঞ্জে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে সাধারণ মানুষ চরম আতংকের মধ্যে রয়েছে। করোনায় আক্রান্তের দিক দিয়ে উপজেলা পর্যায়ে কেরানীগঞ্জ এখনো দেশের শীর্ষে অবস্থান করছে। এছাড়া শুধু কেরানীগঞ্জে করোনা আক্রান্তের বর্তমান যে সংখ্যা রয়েছে তা দেশের কোন কোন জেলা পর্যায়েও এত আক্রান্তের সংখ্যা নাই। অপরদিকে কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী, কোন্ডা, তেঘরিয়া, শাক্তা ও রোহিতপুর এই ৭টি ইউনিয়নকে রেডজোনের আওতায় আনা হলেও তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখনো প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি। প্রশাসনের শীথিলতার কারণে সব জায়গায় মানুষ আর আগের মত স্বাস্থ্য বিধি মেনেও চলছে না। এ অবস্থা চলতে থাকলে কেরানীগঞ্জবাসী করোনা মহামারীর কবলে পড়তে খুব বেশি সময় লাগবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, রেডজোনের আওতায় ইউনিয়ন গুলোতে যেন প্রশাসন খুব দ্রুত লকডাউনসহ অন্যান্য কড়াকড়ি ব্যবস্থা গ্রহন করেন।
