মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশাখা রানী সরকার (৭২) নামের অগ্নিদগ্ধ এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মডেল থানার কালিন্দী ইউনিয়নের পশ্চিম বরিশুর গ্রামের মৃত বাবুল সরকারের স্ত্রী। শনিবার সকালে নিহত মহিলার নিজ বাড়ি থেকেই তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তিনি বৃদ্ধা বয়সে একাই নিজ বাড়িতে থাকতেন। তাই মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন তিনি। ময়নাতদন্ত ছাড়া এই মুহূর্তে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
