কেরানীগঞ্জবাসীর স্থায়ী প্রতিবন্ধী স্কুলের দাবিতে মানববন্ধন ও অনশন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : স্থায়ী প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছেন কেরানীগঞ্জের প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেরানীগঞ্জের অস্থায়ী প্রতিবন্ধী স্কুলের পরিচালক সেলিম খান বলেন, কেরানীগঞ্জে একটি মাত্র প্রতিবন্ধী বিদ্যালয়। সেটিও আবার ভাড়া বাসায় পরিচালিত। বিদ্যালয়টি ভাড়া বাসায় চলে বিধায় স্কুলটি এক জায়গায় পরিচালনা করা সম্ভব হয় না। নানা জটিলতায় স্কুলটি অন্যত্রে সরিয়ে নিতে হয়। স্কুলটিতে বিভিন্ন শ্রেণি মিলিয়ে মোট ৩০০ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, বর্তমান অস্থায়ী স্কুলটি ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সালে উপজেলা চেয়ারম্যান আমাদের স্কুলটি উদ্বোধন করেন। এরপর বেশ কয়েকবার স্কুলটির স্থান পরিবর্তন করতে হয়েছে। কিন্তু স্থায়ী প্রতিবন্ধী স্কুলের জন্য কারো কোনো সহযোগিতা পায়নি।

মানববন্ধন থেকে অভিভাবকরা তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে কেরানীগঞ্জে একটি স্থায়ী প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *