কলহের জেরে বিষপানে নারী মেম্বারের আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে মোছা. লাকি মান্নান (৩৫) নামে এক মেম্বার বিষপানে আত্মহত্যা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

লাকি মান্নান উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং ফরদাবাদ গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাকি মান্নান জয়লাভ করেন। লাকি ও তার স্বামী বেশ কয়েকজনের কাছে টাকা ঋণী ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় লাকি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাশেদ জানান, লাকি মান্নান আত্মহত্যা করেছেন বলে শুনেছি। এবার প্রথমবারের মতো নির্বাচন করে তিনি জয়লাভ করেছিলেন। আমরা গত ১৯ জানুয়ারি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *