নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে নির্যাতনের প্রধান অভিযুক্ত এবং এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ১ নাম্বার আসামি মো আনছুর আলম (৪০) কে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা নেওয়ার পাশাপাশি রাতভর অভিযান চালানো হয়।
সেই অভিযানে পুলিশ তিনজন আসামি গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত মো আনছুর আলম পালিয়ে যান। কিন্তু তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) সকাল ১১টায় এএসপি চকরিয়া সার্কেল কাজী মো. মতিউল ইসলাম এবং ওসি চকরিয়া থানা মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো আনছুর আলমকে গ্রেপ্তার করে।
