শাহিনুর রহমান : সিদ্দিকুর রহমান খান (সিদ্দিক মাস্টার) ১৯৭১ এর মুক্তিযুদ্ধে কমান্ডার (বি,এল,এফ) দোহার-নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ অঞ্চলের দায়িত্বে ছিলেন। তার জন্ম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামে। পিতার নাম মরহুম গোলাম রাজ্জাক খান। মাতামহ মরহুমা রাহেমা খানম। তিন ভাই ও ছয় বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে বি,এ অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন প্রতিবাদী সৎ ও সাহসী। অত্যন্ত সাদামাঠা জীবন ছিলো তার। পরে তিনি নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি বিভাগে শিক্ষকতার দায়িত্বে ছিলেন। শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তিনি। স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই তিনি স্থায়ীভাবে নবাবগঞ্জে বসবাস করতেন। আজও তিনি নবাবগঞ্জের অনেক ছাত্রের আদর্শ। কিন্তু দুঃখের বিষয় আজও এই বীর মুক্তিযোদ্ধার কবরটি রয়েছে অযত্নে আর অবহেলায়।
সিদ্দিকুর রহমান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়পাত্র। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত ছাত্রলীগের একনিষ্ঠকর্মী ও ৬ দফা আন্দোলনে অন্যান্যদের সাথে কারা বরণ করেণ তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সিদ্দিক মাষ্টার নিজেকে এগিয়ে দিলেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধের কৌশল চাতুর্যে এবং অসামান্য যোগ্যতার ভিত্তিতে তিনি দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ তিনটি থানার কমান্ডার হিসেবে নিযুক্ত হন। তিনি নিরাপদে নিজ গ্রাম সিংগাইরের চারিগ্রামকে মূলঘাটি করে সেখান থেকে শত্রুদের উপর আক্রমনের পরিকল্পনা এবং মুক্তিযোদ্ধাদের দিয়ে যুদ্ধ পরিচালনা করতেন। এ ভাবে তিনি নয় মাস যুদ্ধ পরিচালনা করেণ। এ রকম অসংখ্য সিদ্দিকুর রহমানের অসাধ্য চেষ্টায় মাত্র নয় মাসে এ দেশের মহান স্বাধীনতা ও লাল সবুজের বিজয়ী পতাকা অর্জন করা সম্ভব হয়েছিলো।
মুক্তিযোদ্ধের সময় এমন সাহসী বীর সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়নি । তার মৃত্যু হয়েছিলো যুদ্ধের প্রায় এক বছর পর। ১৯৭২ সালের ১২ নভেম্বর রবিবার নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের ১নং কক্ষের সামনে এশার নামাজের ওযু করার সময়ে আততায়ীর গুলিতে তিনি শহিদ হন।
নবাবগঞ্জে তার নিজের হাতে গড়া ইছামতি নদীর পাড়ে (পুরোনো) শহিদ মিনারের পাদদেশে তাকে চিরনিদ্রায় শুইয়ে রাখা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয়ের মাসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে তেমন কাউকে দেখা যায় না কেউ খবরও রাখেনা। অবহেলায় আর অযত্নে পরে আছে এ নির্ভিক সাহসী শহিদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (সিদ্দিক মাষ্টারের) কবর।
সিদ্দিক মাষ্টারের আদর্শে অনুপ্রানিতদের বিজয়ের মাসে দাবী যেহেতু আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার সেহেতু শহিদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান খানের কবরটি সংরক্ষণ করার পাশাপাশি সেখানে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হউক।
